ইসলাম ও জঙ্গিবাদ পাশাপাশি চলতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম আর জঙ্গিবাদ পাশাপাশি চলতে পারে না। ইসলাম শান্তি প্রতিষ্ঠার পরীক্ষিত উপায়। আর জঙ্গিবাদ হলো ভয়াবহ সন্ত্রাস, চরম অশান্তির কারণ। ইসলামে জবরদস্তি ও বাড়াবাড়ি কঠিনভাবে নিষিদ্ধ। অথচ জবরদস্তির অপর নামই হলো জঙ্গিবাদ।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার প্রেসক্লাব মিলনায়তনে ‘ইসলাম বনাম জঙ্গিবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জমায়াত সমন্বয় কমিটি এ বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে বক্তারা দাবি করেন, আইএস আল-কায়েদার পরিবর্তিত সংস্করণ হওয়া সত্ত্বেও এদের ওহাবি জঙ্গি না বলে সুন্নি জঙ্গি বলাটা বিভ্রান্তিকর। এতে প্রকৃত জঙ্গিদের চিহ্নিত করা যেমন কঠিন হয়ে পড়বে, ঠিক তেমনি বিভ্রান্তির শিকার হবে সাধারণ মানুষ। তাঁরা আরও দাবি করেন, পৃথিবীর কোথাও সুন্নি জঙ্গি নেই।
আহলে সুন্নাত ওয়াল জমায়াতের প্রধান সমন্বয়কারী এম এ মতিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল নিবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, মানববিদ্যা ও কলা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন মো. আবু তৈয়ব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী প্রমুখ।