‘সরকার দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ইসলাম ও স্বাধীনতাকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করাচ্ছে’ এবং এর মাধ্যমে সমগ্র জাতিকে উদ্দেশ্যমূলকভাবে বিভক্ত করে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি।খালেদা জিয়ার সভাপতিত্বে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তে এ অভিযোগ করা হয়। একই সঙ্গে দলটি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।বিএনপি গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানিয়েছে। তাতে বলা হয়, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হত্যা, গুপ্তহত্যা, গুম ও অপহরণের মধ্য দিয়ে সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। মূল লক্ষ্য হচ্ছে, নিজেদের ব্যর্থতা আড়াল করে ভীতি সঞ্চারের মাধ্যমে দলীয় সরকারের অধীন নির্বাচন করে পুনরায় ক্ষমতায় যাওয়া। জনগণ সরকারের এই হীন উদ্দেশ্য কখনই সফল হতে দেবে না বলে মত প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি। জনবিচ্ছিন্ন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দেওয়ার দাবি করেছে তারা।স্থায়ী কমিটি বলেছে, সরকার শাহবাগে বেআইনি সমাবেশ সৃষ্টি করে জাতিকে চরম অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। শাহবাগের এই সমাবেশ স্বাধীন বিচারব্যবস্থায় চরম আঘাত হেনেছে। স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। সরকার গোটা জনগোষ্ঠীকে বিভক্ত করে ভয়ংকর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে। জাতীয় নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।সংসদে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতিকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করে এর নিন্দা জানায় বিএনপির স্থায়ী কমিটি। দলটি মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বিবৃতিতে বিরোধী দলের নেতা-কর্মী ও মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা ও নির্যাতনকারী পুলিশ-র্যাব ও আওয়ামী লীগের ক্যাডাররা আরও উৎসাহিত হবে।