জামায়াতে ইসলামী দাবি করেছে, আওয়ামী লীগ এ দেশে ইসলাম নিয়ে রাজনীতি করে এবং ইসলামের অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। নির্বাচনের আগে তারা একটি ইসলামি দলের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল এবং কোরআন-সুন্নাহর পরিপন্থী কোনো আইন না করার ওয়াদা করেছিল।গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন।বিবৃতিতে ‘এ দেশে ইসলাম নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না’ বলে গত শুক্রবার ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর দেওয়া বক্তব্য এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ‘ইসলামী শিক্ষা’ বিষয় বাদ দেওয়ার বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলামি আদর্শ উৎখাত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের আদর্শ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।