
ইসলামের প্রচার ও প্রসারে বাংলাদেশের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে সৌদি আরব। দেশটির পবিত্র মসজিদে হারাম এবং মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন। তাঁদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আল খুজাইম বলেন, বাংলাদেশ সম্পূর্ণ একটি পরিবর্তিত দেশ। দেশটির অবস্থা এখন খুবই ভালো। এ সময় তিনি বাংলাদেশের সব উপজেলায় মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সহায়তা দিতে সৌদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় মুহাম্মদ আল খুজাইমের সঙ্গে ছিলেন মসজিদে নববির ইমাম আবদুল মেহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম। এ দুই সৌদি অতিথি আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ ও আলেম-ওলামাদের মহাসম্মেলনে যোগ দেবেন। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে দুই সৌদি অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আপনারা এখানে আসায় আমরা খুব খুশি হয়েছি। মক্কা এবং মদিনা দুটি পবিত্র স্থান। আমাদের হৃদয়ে এর বিশেষ স্থান রয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাইদকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ জবাবে আল খুজাইম বলেন, সৌদি বাদশাহ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তাঁর সফর কর্মসূচি চূড়ান্ত করতে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সম্পর্কে বলেন, বাংলাদেশি শ্রমিকেরা দুটি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মহসিন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি উপস্থিত ছিলেন।