ইসলাম সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম l ছবি: প্রথম আলো
সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম l ছবি: প্রথম আলো

হেফাজতে ইসলাম গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা ও চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঢাকার বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় ঘুরে আবার উত্তর ফটকে এসে শেষ হয়।
এ কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক পাহারায় উপস্থিত ছিলেন।
বিক্ষোভের আগে এক সমাবেশে সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলাম সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে। তিনি চলমান সন্ত্রাসের জন্য বস্তুবাদী শিক্ষাব্যবস্থাকে দায়ী করে কোরআন-হাদিসের আলোকে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের নেতা আবদুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, আবদুল করিম, শেখ গোলাম আসগর, শওকত আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিল শেষে দেশের শান্তি ও ঐক্য কামনা করে মোনাজাত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জামিয়া মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম।
চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনের সড়কে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুম-খুনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত। এতে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, গুম, খুন ও দুর্নীতির স্থান ইসলামে নেই। সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করে না। যারা সন্ত্রাসবাদে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে হেফাজতের সংগ্রাম চলবে।
জুনায়েদ বাবুনগরী বলেন, ‘জঙ্গিবাদ দমনের নামে সাধারণ মানুষ, ইমাম, মুয়াজ্জিনকে হয়রানি করা ডাবল সন্ত্রাস। ক্রসফায়ার দেওয়া তিন ডাবল সন্ত্রাস। কোনো নিরীহ মানুষকে হত্যা করা সন্ত্রাস। প্রকৃত দোষীদের আইনের আওতায় না এনে নিরীহ মানুষকে হয়রানি করলে সন্ত্রাস বাড়বে।’ জুমার নামাজের খুতবা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করেন হেফাজতের মহাসচিব।
সমাবেশে শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী ও বিমানমন্ত্রীর কঠোর সমালোচনা করা হয়। সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।