ইসলাম সম্পর্কে না জানায় ভুল বোঝাবুঝি: ফরিদ উদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান ফরিদ উদ্দীন মাসউদ বলেছেন, ‘ওলামারা মুক্তিযুদ্ধের চেতনার মৌলিক ধারক ও বাহক। ওলামাদের চাইতে অসাম্প্রদায়িক বড় জাত আর নেই। ইসলামের চাইতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ আর কোনো আদর্শ দেখাতে পারে নাই। আমরা ইসলাম সম্পর্কে জানি না, তাই ভুল বোঝাবুঝি।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল উলামার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের এই খতিব বলেন, বামপন্থীরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। মুক্তিযোদ্ধারা ‘আল্লাহু আকবার’ বলে অগ্রসর হয়েছেন। এখন বামপন্থীরা বলেন, ‘আল্লাহু আকবার’ বলা নাকি মুক্তিযুদ্ধের চেতনার বাইরের জিনিস। মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল আল্লাহর ওপর সমর্পণ। সত্যের সঙ্গে, বাস্তবতার সঙ্গে মিল নেই তাঁদের কথায়।

হাইকোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য বিষয়ে ফরিদ উদ্দীন বলেন, ‘এই মূর্তির বিষয়ে শিল্পবোদ্ধাদের প্রতিবাদ করা উচিত। যারা শিল্পের রস বোঝে, তাদের প্রতিবাদ করা উচিত। গ্রিক দেবী কখন শাড়ি পরেছিল? দা ভিঞ্চির মোনালিসাকে যদি ঘোমটা দিয়ে বাঙালি নারী বানাই, তাহলে এই বিকৃতি কেউ মানবে?’

শিল্পের বিশুদ্ধতা নষ্ট করার অপরাধে এই ভাস্কর্য যাঁরা বসিয়েছেন, তাঁদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন ফরিদ উদ্দীন। তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক এলাকা ছিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। অসাম্প্রদায়িক পরিবেশ ছিল। ইনসাফের লালনকেন্দ্র ছিল। সেখানে এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি কেন আনা হলো। একটি মহল দেশের মঙ্গলকামী নয়। তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প উসকিয়ে দিতে চাচ্ছে।’

সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল উলামার বিভিন্ন পর্যায়ের নেতা ও সারা দেশে থেকে আসা কর্মীরা অংশ নেন।