ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ‘হজ কার্যক্রম ২০১৮’র (১৪৩৯ হিজরি) উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মের শিক্ষা মানুষের কাছে যেন উচ্চ আসনে থাকে, সেটা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। কিন্তু কিছু লোক নিজস্ব স্বার্থে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের জন্য, সমগ্র মুসলিম সম্প্রদায়ের জন্য সমস্যার সৃষ্টি করছে।’
শেখ হাসিনা সকালে বিমানবন্দর আশকোনা হজক্যাম্প এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। এবার ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা যাচ্ছেন।
হজ কার্যক্রম উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ যখন ইসলামের নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং জঙ্গিবাদ সৃষ্টি করে, তখন বিশ্বে মুসলমানদের হেয় হতে হয়। পবিত্র ইসলাম শান্তির ধর্ম এবং এই ধর্মেই আছে, সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আমাদের নবী করিম (সা.)-ও সে কথা বারবার বলে গেছেন। কিন্তু এরপরও কিছু কিছু মানুষের অপকর্মের জন্য ইসলামকে অবমাননা করা হয়। যে অধিকার কারও নেই।’

ধর্মমন্ত্রী মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন, রাজকীয় সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমির বিন ওমর সালেহ বক্তৃতা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং প্রতিবছর আমি অপেক্ষা করে থাকি, যাঁরা হজে যাবেন, তাঁদের সঙ্গে একটু সাক্ষাৎ হবে। আপনাদের কোনো অসুবিধা থাকলে শুনে নেব এবং সেই সঙ্গে আপনাদের দোয়াও চাইব।’ তিনি বলেন, ‘আপনারা যাচ্ছেন আল্লাহর মেহমান হয়ে পবিত্র হজ পালনের জন্য। পবিত্র মক্কা ও মদিনা নগরীতে আপনারা যাবেন, নবী করিম (সা.)-এর পবিত্র রওজা পাক জিয়ারত করবেন। আপনারা ভালোভাবে হজ পালন করে সুন্দর ও সুস্থভাবে যাতে ফিরে আসতে পারেন, সেটাই আমাদের আকাঙ্ক্ষা।’