ইসলামকে আজ সর্বত্র হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহিলয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন গতকাল শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতির বক্তব্যে জামিয়ার মহাপরিচালক ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহ্মদ শফী (দা.বা.) বলেন, তাকওয়া তথা খোদাভীতি ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শাহ্ আহ্মদ শফী অভিযোগ করে বলেন, ‘আজ সর্বত্র ইসলামকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। আমাদের অনৈক্য আর নিজ ধর্মের মধ্যে কতিপয় গোমরাহ ও ধর্মবিরোধীর কারণেই অন্যরা সুযোগকে কাজে লাগাচ্ছে।’ তিনি আরও বলেন, ইসলামে অসত্য, অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের কোনো স্থান নেই। ইসলামকে অনুসরণ করতে পারলে এ দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না। শাহ্ আহ্মদ শফী বলেন, নৈতিকতা ও সততার অভাবে দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। এ অবস্থায় সুশাসন ও সুনাগরিক তৈরির জন্য শিক্ষার সর্বস্তরে ধর্মকে বাধ্যতামূলক করা প্রয়োজন। সম্মেলনে মাওলানা তফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মোস্তফা আল হোসাইনী, মুফতি নূর আহমদ, মুফতি আব্দুচ্ছালাম চাটগামী, মাওলানা মুহিব্বুল্লাহ্্ বাবুনগরী, মাওলানা হাফেজ মুহাম্মদ জুনাইদ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী প্রমুখ ইসলামি ব্যক্তিত্বও বক্তব্য দেন।সম্মেলন শেষে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে জামিয়ার বিগত বছরের প্রায় দুই হাজারের বেশি দাওরায়ে হাদিস উত্তীর্ণ তরুণ আলেমকে বিশেষ সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়। সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার উলামায়ে কিরাম ছাড়াও লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।