বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বলেছেন, এ দেশে ইসলামকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছেন জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী। আজ জামায়াত ও ভারতের শিবসেনা একই ধরনের কর্মকাণ্ড করছে। শক্তি খাটিয়ে অস্ত্রের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করছে।ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। ‘জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম’ শীর্ষক কর্মসূচির আওতায় ‘দ্বীনী দাওয়াত কার্যক্রম জোরদারকরণ এবং জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ঢাকা বিভাগীয় খতিব মহোদয়গণের করণীয়’ শীর্ষক ওই অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন মসজিদের পাঁচ শতাধিক খতিব অংশ নেন।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।