ইসলামপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় মজিবর রহমান সরদার (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের ওই ব্যক্তির সঙ্গে তাঁর ভাই শামছুল আলম সরদারের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মজিবরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে শামছুল আলম এবং তাঁর ছেলে যুবরাজ ও যুবরাজের স্ত্রী ফুলমালার বিরুদ্ধে মামলা করেছেন। আসামি ফুলমালাকে গ্রেপ্তার করা হয়েছে।