ইসলামপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে জবাই
জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবাকে ধাওয়া করে ধরতে না পেরে তার ১১ বছর বয়সী মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চরের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম রিপা আক্তার। সে গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের দিনমজুর মো. উজ্জ্বল মিয়ার মেয়ে।জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রিপার লাশের জন্য অপেক্ষমান তার নানা হাসান কবীর মনজিল গতকাল সোমবার প্রথম আলোকে জানান, মরাকান্দি গ্রামে নছিমন নেছা এবতেদায়ি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ত রিপা। গত রোববার বিকেলে বাবার সঙ্গে সে পার্শ্ববর্তী নাপিতেরচর বাজারে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি ফেরার পথে তিন-চারজন দুর্বৃত্ত উজ্জ্বল মিয়াকে ধাওয়া করে। উজ্জ্বল প্রাণভয়ে মেয়েকে রেখেই দৌড় দেন। দুর্বৃত্তরা উজ্জ্বলকে ধরতে না পেরে রিপাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তার লাশ উদ্ধার করে।এ ঘটনায় শিশুটির বাবা মো. উজ্জ্বল মিয়া ইসলামপুর থানায় পিন্টু, গেন্দা ও আশরাফ নামের তিনজনকে আসামি করে মামলা করেছেন। তবে পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।রিপার নানা জানান, কিছুদিন আগে একটি সালিসে রিপার বাবা উজ্জ্বল প্রতিবেশী পিন্টু, গেন্দা ও আশরাফের বিপক্ষে সাক্ষী দিয়েছিলেন। এ নিয়ে তারা তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। তিনি বলেন, উজ্জ্বল জানিয়েছেন ঘটনার রাতে ওই তিনজন তাঁকে হত্যা করতে চেয়েছিল। তাঁকে ধরতে না পেরে তারা রিপাকে জবাই করে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান হোসাইন প্রথম আলোকে বলেছেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে রিপার লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি উজ্জ্বল মিয়ার মামলা করার বিষয়টি নিশ্চিত করেন। জামালপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঘাতকদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।