জামালপুরের ইসলামপুরে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে শাহ শিখাইয়া ওরফে রোজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে। রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউএনও মুহাম্মদ মনিরুল ইসলাম তাঁর বাসার কম্পিউটার মেরামতের জন্য শাহ শিখাইয়াকে বাসায় ডেকে পাঠান। কাজ সেরে রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজের মোটরসাইকেল নিয়ে ইউএনওর বাসা থেকে বের হন। ইউএনওর বাসার সামনেই শিখাইয়ার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর মোটরসাইকেলটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহাম্মেদ গতকাল বিকেলে জানান, জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো মামলা হয়নি। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ওসি জানান।ইউএনও মনিরুল ইসলাম স্বীকার করেছেন, শিখাইয়া তাঁর বাসা থেকে বের হওয়ার পরপরই এ ঘটনা ঘটেছে।জানা গেছে, শিখাইয়ার বাসা ইসলামপুর পৌর এলাকার মৌজা জাল্লা গ্রামে। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র। ইসলামপুর হাসপাতাল রোডে ‘এক্সেস কম্পিউটার কমিউনিকেশন’ নামে তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণ ও সার্ভিসিং প্রতিষ্ঠান রয়েছে। তাঁর বাবা আবদুস সালাম বাংলাদেশ কৃষি ব্যাংক ইসলামপুর শাখার কর্মকর্তা।