ইসলামপুরে ধুন্ধুমার বেচাবিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার পুরান ঢাকার ইসলামপুর। ঈদকে কেন্দ্র করে এখন চলছে শেষ মুহূর্তের বেচাবিক্রি l ছবি: প্রথম আলো
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার পুরান ঢাকার ইসলামপুর। ঈদকে কেন্দ্র করে এখন চলছে শেষ মুহূর্তের বেচাবিক্রি l ছবি: প্রথম আলো

অনলাইনে তৈরি পোশাক বিক্রি করেন বাসাবোর জসিম উদদীন। গতকাল সোমবার ভরদুপুরে ঘুরছিলেন ইসলামপুরের একটি মার্কেটে। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন তিনি। বললেন, নিজের প্রতিষ্ঠানের জন্য ঈদের আগে শেষবারের মতো থ্রি-পিস কিনতে এসেছেন। অনলাইনে অনেক অর্ডার পেয়েছেন। সেই অর্ডার অনুযায়ী খুঁজে বের করতে হচ্ছে নির্দিষ্ট ডিজাইনের জামাগুলো।
জসিম উদদীন বললেন, ‘জুতসই পাইকারি মূল্যে কেনার জন্য ইসলামপুরের বিকল্প নেই। এখান থেকে কিনলে পড়তা পড়ে।’
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার এই পুরান ঢাকার ইসলামপুর। সারা বছর তো থাকেই, ঈদকে কেন্দ্র করে এ এলাকায় বিশাল বাজার শুরু হয় পবিত্র শবে বরাতের আগেই। শবে বরাতের পর পুরোদমে জমে উঠেছে বাজার। এখন চলছে শেষ মুহূর্তের বিকিকিনি। অনেকে আবার প্রাথমিক বিক্রির পাট চুকিয়ে বকেয়া তাগাদায় ধরনা দিচ্ছেন নগরের বিভিন্ন মার্কেটে।

ইসলামপুরে ছোট-বড় মিলিয়ে মার্কেট আছে ৯৩টি। এখানকার বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ১৫ রমজান পর্যন্ত পাইকারি বাজারে ব্যস্ততা থাকবে। এরপর যেসব দোকানে মালামালে কমতি পড়ে, তারা আসে। তিনি বলেন, বর্তমানে তাঁদের সমিতিতে ৩ হাজার ৯০০ সদস্য রয়েছেন। আরও বহু নতুন শপিং মল, মার্কেট হয়েছে—এসব মার্কেটের ব্যবসায়ী এবং ছোট ছোট দোকানের ব্যবসায়ীরা এখনো সমিতির সদস্য হননি। দেশের থান কাপড়ের ৬০ শতাংশ এবং বিদেশি থান কাপড়ের ৪০ শতাংশ চাহিদা এ বাজার থেকে পূরণ হয়।

এখানকার হাজী কে হাবিবুল্লাহ মার্কেটে রয়েছে শার্ট, পাঞ্জাবিসহ নানা ধরনের থান কাপড়ের সমাহার। এ মার্কেটের এন টি ফেব্রিকসের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, রাজধানীর বাইরের ক্রেতারা রমজানের শুরুর দিকেই কাপড় কিনে নিয়ে যান। এখন রাজধানীর ভেতর থেকে আসা ব্যবসায়ীরা থান কাপড় কিনে নিচ্ছেন।

জামাকাপড়ের পাশাপাশি দরজা, জানালার পর্দা, বিছানার চাদর, সোফার কভার এবং দেশি-বিদেশি বোরকা ও হিজাবের চাহিদা বেড়েছে বলে জানালেন গুলশান আরা সিটি মার্কেটের মেসার্স আল-আমিন ফেব্রিকসের উদ্যোক্তা জয়নাল আবেদীন মোল্লা।

এ মার্কেটের বিক্রয় প্রতিনিধি মো. আহনাফ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ক্রেতার সমাগম বেশি হলেও বেশির ভাগই বাকিতে বিক্রি করতে হয়েছে। এখন যানজট ঠেলে মার্কেটে মার্কেটে গিয়ে তাগাদা দিতে হিমশিম খেতে হচ্ছে।

গতকাল ঢাকার বাইরে থেকে এসেছেন, এমন কয়েকজন ব্যবসায়ীকে পাওয়া গেল। রাজবাড়ী থেকে আসা শাহিন ফেব্রিকসের হাবীবুর রহমান বলেন, মালামাল কিনে ট্রান্সপোর্টে রাজবাড়ী পাঠাচ্ছেন। রাজশাহী থেকে আসা ভাই ভাই ক্লথ স্টোরের উদ্যোক্তা মুজিবুর রহমান বললেন, স্থানীয়ভাবে তাঁরা পাইকারি ও খুচরা বিক্রির ব্যবসা করেন। এ ক্ষেত্রে মাল কেনার জন্য বংশপরম্পরায় বছরের পর বছর ইসলামপুরের ওপরই নির্ভর করছেন।

ব্যবসায়ীরা বললেন, মেয়েদের জন্য তৈরি কিংবা সেলাই ছাড়া থ্রি-পিস এবং ছেলেদের কাপড়ের মধ্যে গরমের কথা বিবেচনা করে পাতলা সুতা ও হালকা রঙের কাপড়ের চাহিদা বেশি।

পাইকারি দোকানের বেশ কয়েকজন বিক্রয়কর্মী বলেন, শবে বরাতের দিন থেকেই তাঁদের দম ফেলার সময় নেই। অনেক শ্রমিককেই রাতে দোকানে থাকতে হয়। ব্যবসায়ীরা যেসব মালামাল ক্রয় করছেন, সেসব মালামালের স্তূপ, থান কাপড়ের রোল রাস্তায় অপেক্ষমাণ নানা যানবাহনে তুলছেন একশ্রেণির শ্রমিক। আগামী দু-তিন দিন এ চাপ থাকবে। এরপর কমে যাবে দেশের ঐতিহ্যবাহী সুবিশাল এই বাণিজ্যকেন্দ্রের ব্যস্ততা। তখন খুচরা বাজারে শুরু হবে মূল ব্যস্ততা।