ইসলামপুরে পলিটেকনিক ছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গণ-অনশন
সন্ত্রাসীদের গুলিতে নিহত বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র শাহ শিখাইয়া রোজের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামপুর নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় বটতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে গণ-অনশনস্থলে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আনছার আলী, ন্যাপের জেলা শাখার সভাপতি খায়রুল আলম, মোজাহারুল ইসলাম, আলী আক্কাছ, শাহজাহান আলী, এমদাদুল ইসলাম প্রমুখ। ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারী মণ্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনিরুল ইসলাম, রোজের মা রোজিনা বেগমসহ ইসলামপুরের বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকেরা এ কর্মসূচিতে অংশ নেন। তাঁরা রোজের প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ইসলামপুরে গত ৫ মার্চ রাতে ইউএনওর বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে রোজ নিহত হন। দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। রোজের বাড়ি ইসলামপুর পৌর এলাকার মৌজা জাল্লা গ্রামে। এ ঘটনায় রোজের বাবা শামছুল হক বাদী হয়ে ৬ মার্চ ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইসলামপুর ইউএনওর কার্যালয়ের নৈশপ্রহরী আবুল কালাম ও আবদুস সালাম এবং ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে আটক করেছে। তবে মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহাম্মেদ বলেন, আটক তিন আসামি জেলা কারাগারে আটক রয়েছে। মামলার তদন্ত চলছে।