ইসলামপুরে বেচাকেনায় এবার 'খুব মন্দা'

‘আমার ৪০ বছরের ব্যবসায়িক জীবনে এত খারাপ সময় দেখি নাই। বিগত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি অর্ধেকেরও কম।’ বলছিলেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম সবজল। নিজের প্রতিষ্ঠান আইডিয়াল টেক্সটাইলের কার্যালয়ে বসে এই ব্যবসায়ী বললেন, ‘এই যে আপনার সঙ্গে কথা বলছি, এটা অন্য বছরে সম্ভব হতো না। এই সময়ে টুকটাক কথা বলারও সময় থাকত না।’
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার পুরান ঢাকার ইসলামপুর। সারা বছর তো থাকেই, ঈদকে কেন্দ্র করে এই এলাকায় বিশাল বাজার শুরু হয় পবিত্র শবে বরাতের আগেই। শবে বরাতের পর পুরোদমে জমে ওঠে বাজার। এবারও ব্যতিক্রম হয়নি। তবে ব্যবসায়ীরা বলছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার বেচাকেনায় খুব মন্দা।
গতকাল মঙ্গলবার সারা দিন ইসলামপুর এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত তিনটি কারণে ব্যবসার এই মন্দা হাল। সিলেট অঞ্চলে বন্যা, চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি ঢল এবং সর্বশেষ বাজেটে ভ্যাটের ঘোষণা। ব্যবসায়ীরা জানালেন, পাইকারি বিক্রিতে তাঁদের বড় বাজার সিলেট ও চট্টগ্রাম।
ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম সবজল বলেন, অন্য বছর এই সময়টাতে সব কোয়ালিটির মাল বিক্রি হয়ে যেত। এবার ভালোটাই বিক্রি হচ্ছে না। এমনকি শিশুদের জামাকাপড়ও কম বিক্রি হচ্ছে।
সমিতির দেওয়া তথ্যমতে, ইসলামপুরে ছোট-বড় মিলিয়ে ১০৯টি মার্কেট আছে। বর্তমানে তাঁদের সমিতিতে ১০ হাজারের বেশি সদস্য রয়েছেন। তবে ভোটার ৪ হাজার। আরও অনেক নতুন শপিং মল, মার্কেট হয়েছে। এসব মার্কেটের ব্যবসায়ী এবং ছোট ছোট দোকানের মালিকেরা এখনো সমিতির সদস্য হননি। সব মিলে প্রায় ২০ হাজার ব্যবসায়ী আছেন এই এলাকায়।
দেশের থান কাপড়ের ৭০ শতাংশ এবং বিদেশি থান কাপড়ের ৪০ শতাংশ চাহিদা এই বাজার পূরণ করে বলে জানান সমিতির সভাপতি। বিগত বছরগুলোয় ঈদ মৌসুমে এখানকার ব্যবসার পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত।
মঙ্গলবার কাদের সর্দার ম্যানশনের মোস্তফা টেক্সটাইলের স্বত্বাধিকারী ইব্রাহিম হোসেন মুখ ভার করে বসে ছিলেন দোকানে। ঘড়ির কাঁটায় তখন বেলা ২টা পেরিয়েছে। ইব্রাহিম হোসেন বললেন, তখন পর্যন্ত তাঁর দোকানে কোনো বিক্রি হয়নি। গত দু-তিন দিনে ১ লাখ টাকাও বিক্রি করতে পারেননি। অন্য বছরের এই সময়টায় দিনে বিক্রি ৫-৭ লাখ টাকা পেরিয়ে যেত।
ইব্রাহিম বলেন, ‘সিলেটে হয়ে গেছে বন্যা। চট্টগ্রামের অনেক এলাকায় পাহাড়ি ঢল নেমেছে। এ দুটি এলাকা আমাদের বড় বাজার। একে তো ব্যবসা-বাণিজ্য নেই, তার মধ্যে সরকার ভ্যাট নিয়া টানাটানি করছে।’ তাঁর দোকানে শার্ট, বোরকাসহ নানা ধরনের কাপড় বিক্রি হয়।
এই মার্কেটেরই শহীদ টেক্সটাইলের মোহাম্মদ শহীদুল কবীর খানের দোকানে একরঙা থান কাপড় বিক্রি হয়। তিনি মনে করেন, বাজারে ঈদের আমেজ থাকলেও অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যবসা খারাপ। তার ওপর দোকানিরা আছেন ভ্যাটের আতঙ্কে। ক্রেতারা ভ্যাট দিতে চান না।
একই রকম মন্তব্য করলেন মেট্রো টেক্সটাইলের স্বত্বাধিকারী শামীম খান। ইসলামি প্লাজা মার্কেটে কাপড়ের পাইকারি ব্যবসার পাশাপাশি তাঁর তৈরি পোশাকের বিক্রয় প্রতিষ্ঠানও আছে। তিনি বলেন, সিলেটে বন্যার পর থেকে ব্যবসা টুকটাক খারাপ হচ্ছিল। বাজেটের পর পরিস্থিতি নাজুক হয়ে গেছে। ১০ রমজান পেরিয়ে যাচ্ছে, অথচ খুচরা ব্যবসাও জমেনি।
ইসলামপুর এলাকার পাটুয়াটুলী, আওলাদ হোসেন রোড, নবাববাড়ি মূলত পাইকারি মার্কেটের ব্যবসা হলেও খুচরা ক্রেতারাও আসেন। খুচরা ক্রেতাদের কিছু ভিড় এই এলাকায় আছেও। ব্যবসায়ীরা বললেন, মেয়েদের জন্য তৈরি কিংবা সেলাই ছাড়া থ্রিপিস এবং ছেলেদের কাপড়ের মধ্যে গরমের কথা বিবেচনা করে পাতলা সুতি ও হালকা রঙের কাপড়ের চাহিদা বেশি। পোশাকের পাশাপাশি পর্দার কাপড়, বিছানার চাদর, টেবিলক্লথ ইত্যাদিও বিক্রি হয়।
গেন্ডারিয়া থেকে এসেছিলেন শারমিন রহমান। তিনি বলেন, ‘কিছুদিন আগে ছোট বোনের বিয়ে হয়েছে। এবার অনেক আত্মীয়স্বজনকে জামাকাপড় দিতে হবে। সময়ও নেই। এখানে পাইকারি দামে জামাকাপড় পাওয়া যায় বলে চলে এসেছি।’
ঢাকার বাইরে থেকে এসেছেন এমন কয়েকজন ব্যবসায়ীকে পাওয়া গেল। চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারের হক ক্লথ স্টোরের নূরুল হক এবং রাজশাহীর মদিনা ক্লথ স্টোরের উদ্যোক্তা মোহাম্মদ নাসির বললেন, স্থানীয়ভাবে তাঁরা পাইকারি ও খুচরা ব্যবসা করেন। এ ক্ষেত্রে মাল কেনার জন্য বছরের পর বছর ইসলামপুরের ওপরই নির্ভর করছেন।
ইসলামপুর এলাকার সব রাস্তায় যানজট দেখা গেল। ব্যবসায়ীরা যেসব মালামাল ক্রয় করছেন, সেসব মালামালের স্তূপ, থান কাপড়ের রোল রাস্তায় অপেক্ষমাণ নানা যানবাহনে তুলছেন একশ্রেণির শ্রমিক। এই সপ্তাহে এই চিত্রটা থাকবে। এরপর কমে যাবে দেশের ঐতিহ্যবাহী সুবিশাল এই বাণিজ্যকেন্দ্রের ব্যস্ততা। তখন খুচরা বাজারে শুরু হবে মূল ব্যস্ততা।