জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী বাটিকামারী বিল রক্ষার দাবিতে গতকাল সোমবার মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।জানা গেছে, পলবান্ধা ইউনিয়নের পল্লী সমাজের সভানেত্রী ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য লতা পারভীনের নেতৃত্বে তিন শতাধিক গ্রামবাসী গতকাল সকাল ১০টার দিকে বাটিকামারী গ্রাম থেকে ইসলামপুর বটতলা মোড়ে জড়ো হন। তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও কার্যালয়ে যান এবং সেখানে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে গ্রামবাসী, বিলের পানিতে পানিফল চাষে বিষাক্ত কীটনাশক ব্যবহার, পানিফল চাষ এবং কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধের দাবি জানান।বাটিকামারী গ্রামের প্রবীণ ব্যক্তি মো. আশরাফ আলী প্রথম আলোকে বলেন, বাটিকামারী বিলটি একসময় এ অঞ্চলের সর্বস্তরের মানুষের মাছের চাহিদা মেটাত। প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই বিলটি ছিল সবার জন্য উন্মুক্ত। ১৫ বছর আগেও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এই বিলে। আশপাশের ১৬টি গ্রামের অনেক মানুষ বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু ১০ বছর ধরে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিল দখল করে পানিফল চাষ করছেন। পোকা থেকে রক্ষার জন্য তাঁরা পানিফলগাছে ক্ষতিকর বিষাক্ত ডিডিটি পাউডারসহ অন্যান্য কীটনাশক ব্যবহার করেন। এতে বিলের পানি বিষাক্ত হয়ে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলে এখন ধানও চাষ হয় না।ইসলামপুর উপজেলা ম ৎ স্য কর্মকর্তা জান্নাতে হুর প্রথম আলোকে বলেন, বিলটিকে মাছের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে।ইসলামপুরের ইউএনও মো. আনোয়ার হোসাইন আকন্দ প্রথম আলোকে বলেন, পানিফল চাষ এবং বিষাক্ত কীটনাশক ব্যবহার প্রসঙ্গে খোঁজখবর নেওয়া হবে। ক্ষতিকর কিছু পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।