ইসলামপুরে যমুনার তীব্র ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া এলাকায় যমুনা নদীতীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে উলিয়া এএম উচ্চবিদ্যালয় এবং উলিয়া বাজার ও বিস্তীর্ণ জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উলিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, যমুনা নদী উলিয়া উচ্চবিদ্যালয় মাঠ ও বাজার থেকে মাত্র ৫০ গজ দূরে রয়েছে। গত কয়েক দিনে যমুনার পূর্ব পারের বৌশের গ্রামের ৫০টি পরিবার তাদের বসতভিটা থেকে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা সরিয়ে নিয়েছে। অনেকেই স্থানীয় কাঁচা রাস্তায় আশ্রয় নিয়েছে। স্থানীয় বৌশের গ্রামের বাসিন্দা দরিদ্র কৃষক মুক্তার আলী প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাইতে বাড়িঘর সরাই নিছি। আশ্রয় নেওয়ার মতন জায়গা জমি নাই। কোনোমতে রাস্তায় আশ্রয় নিছি। সরকার তনে আমরা কিছুই পাই না। কেউ আমগরে দেখবের আহে না।’ উলিয়া এএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিদুল আলম বলেন, এ এলাকার ভাঙন প্রতিরোধে বিদ্যালয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এদিকে কোনো নজর দিচ্ছে না। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কোনো পদক্ষেপ না নেওয়া হলে বিদ্যালয়, বাজারসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যমুনার ভাঙন থেকে উলিয়া এএম উচ্চবিদ্যালয় এবং উলিয়া বাজার রক্ষার দাবিতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা গতকাল সকালে নদীতীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উলিয়া এএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিদুল আলম, ব্যবসায়ী মোস্তফা আল মামুন, মশিউর রহমান, আজিজুর রহমান প্রমুখ।