ইসলামপুরে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তাপাড়া গ্রামে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউনিয়নবাসী। গত বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ সংস্কারকাজের জন্য মাটিকাটা শুরু করেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, ২০১২ সালের আগে বর্ষা মৌসুম আসার আগেই এ অঞ্চলে শুরু হতো বন্যা ও ভয়াবহ নদীভাঙন। ভাঙনে যমুনাপারের কৃষক দিশেহারা হয়ে ওঠেন। সারা বছরের খাবার যে ঘরে রাখা হয়, সেই ঘরবাড়িই যমুনার করালগ্রাসে বিধ্বস্ত হতো। স্বেচ্ছাশ্রম ও সরকারি বিভিন্ন বিশেষ বরাদ্দের মাধ্যমে ২০১২ সালে তাড়তাপাড়া গ্রামে যমুনা নদীর এক শাখা খালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু গত বছরের বন্যায় বাঁধটির ১ হাজার ২০০ মিটার ভেঙে যায়। বাঁধটি ভেঙে যাওয়ায় আগামী বর্ষা মৌসুমে গোটা এলাকায় বন্যার আশঙ্কা করছেন ইউনিয়নবাসী। এর পরিপ্রেক্ষিতে পুরো ইউনিয়নের মানুষ একজোট হয়ে বৃহস্পতিবার দুপুর থেকে বাঁধটির সংস্কারের কাজ শুরু করেন।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কয়েক হাজার মানুষ যমুনা নদীর তীরে জড়ো হয়েছেন। তাঁরা মোনাজাত ও মিষ্টিমুখের মধ্য দিয়ে দূর থেকে টুকরিতে মাটি এনে এবং বালু বস্তায় ভরে বাঁধের ভেঙে যাওয়া অংশে ফেলতে শুরু করেন। এ সময় তাড়তাপাড়া গ্রামের বাসিন্দা কবীর আহম্মেদ বলেন, ‘ভাঙনের এ স্থান থেকে প্রায় তিন-চার কিলোমিটার দূরে বাড়িঘর ছিল। আমি ১০ বার নদীভাঙনের শিকার হয়েছি। তবে বাঁধটির কারণে গত তিন বর্ষায় এ অঞ্চলের মানুষ ভাঙনের কবলে পড়েনি। বাঁধের কল্যাণে নদীর দুই পাশে জেগে ওঠা চরে নানান জাতের শস্যের আবাদ এরই মধ্যে দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু গত বর্ষা মৌসুমে বাঁধটির মাঝখানে ভেঙে যাওয়ায় আগামী বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছি আমরা।’ হারগিলা গ্রামের আবদুল হাকিম বলেন, এ বাঁধটি সংস্কার করা গেলে ইউনিয়নের ২০ হাজার মানুষ নদীভাঙনের ক্ষতি থেকে রক্ষা পাবে।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, ‘ওই বাঁধের কারণে গত তিন বর্ষা মৌসুমে ইউনিয়নের মানুষ বন্যা ও ভাঙনের কবলে পড়েনি। তাই আগামী বর্ষা আসার আগেই এলাকার মানুষ নিজেদের পকেটের টাকা দিয়ে বাঁধটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এই বাঁধটি এখন গোটা এলাকার মানুষের প্রাণের দাবি। আমিও বাঁধটির গুরুত্বের কথা ভেবে এটিকে স্থায়ী ও টেকসইভাবে সংস্কারের জন্য গ্রামবাসীর সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি সহযোগিতা পেলে বাঁধটির দ্রুত সংরক্ষণ আরও সহজ হবে।’
জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, বাঁধটিকে মজবুতভাবে নির্মাণের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হলে বাঁধ নির্মাণ শুরু হবে।