ইসলামপুরের পাঁচ ইউপির নির্বাচন সম্পন্ন
হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যাওয়া জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো: চিনাডুলী, নোয়ারপাড়া, বেলগাছা, সাপধরী ও কুলকান্দি। স্থানীয় উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়নগুলোর ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে চিনাডুলী ইউনিয়নে আবদুস সালাম, নোয়ারপাড়ায় মশিউর রহমান, বেলগাছায় আবদুল খালেক, সাপধরীতে সুরুজ আলী মণ্ডল ও কুলকান্দিতে সেলিনা আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা পুনর্বিন্যাস না করেই তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচজন ভোটার ২ মে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ১৩ মে ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান এর বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, উৎকণ্ঠা সত্ত্বেও পাঁচটি ইউনিয়ন পরিষদের সবগুলোতেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।