ইসলামবাগ মাঠে খেলাধুলার ব্যবস্থা নেই
মাঠের চারদিকে লোহার গ্রিল। চারটি প্রবেশদ্বারই বন্ধ। খেলাধুলার কোনো সুযোগ নেই। রাজধানীর ইসলামবাগ ঈদগাহটি শুধু নির্দিষ্ট প্রয়োজনেই ব্যবহৃত হয়।
গত বুধবার ইসলামবাগে গিয়ে দেখা যায়, মাঠের মূল প্রবেশদ্বারটিতে তালা ঝুলছে। গ্রিলের ফাঁক দিয়ে চোখে পড়ে মাঠের মধ্যে বাঁশ রাখা। জানা যায়, কিছুদিন আগে ওয়াজ হয়েছিল, সে বাঁশগুলোই এখন পড়ে আছে। এক কোনায় ভাঙা সিমেন্টের স্তূপ। পুরো মাঠেই বালু। পাইপ দিয়ে পানি ছিটানো হচ্ছে।
মাঠের পাশের দোকানি মো. আবু আলিম বলেন, ‘মাঠে দুই ঈদে নামাজ হয়। আর ওয়াজ মাহফিল করে ও জানাজা পড়ায়। খেলার ব্যবস্থা নেই।’
লালবাগের ইসলামবাগ ঈদগাহ মাঠটি ওয়াকফ সম্পত্তি। পাশের ইসলামবাগ বড় মসজিদ কমিটি এর দেখভালের দায়িত্বে আছে। গতকাল গিয়ে কথা হয় মাঠ পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রয়োজনের সময়ে মাঠটি খোলা হয়। মাঠে শিশু-কিশোরদের খেলতে দেওয়া হয় না।
স্থানীয় বাসিন্দা করিমউদ্দিন মাঠটি নিয়ে বলেন, উন্মুক্ত থাকলে এলাকার বাচ্চাদের জন্য সুবিধা হয়। নামাজ, জানাজা বা ওয়াজ ছাড়া সারা বছর খালি পড়ে থাকে। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে খেলার ব্যবস্থা করা যেতে পারে। করিমউদ্দিন ছাড়া আরও কয়েকজন বাসিন্দা মাঠে খেলার ব্যবস্থার কথা বলেন।
ইসলামবাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের অধীন। এখানকার কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল নিজেও মসজিদ কমিটির একজন সদস্য। মাঠটির ব্যাপারে তিনি বলেন, এটি সিটি করপোরেশনের নয়, ওয়াকফ সম্পত্তি। এখানে মসজিদ-সম্পর্কিত কাজ হয়। উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে বলেন, অনেক আগে এখানে খেলা হতো। মারামারি ও ঝামেলা হওয়াতে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এলাকাবাসী যদি তাঁর কাছে এসে খুলে দেওয়ার কথা বলেন, তাহলে তিনি কমিটির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।