ইসলামাবাদে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতি ‘বৈরিতার নীতি’ থেকে সরছে না পাকিস্তান। সুনির্দিষ্ট কারণে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলবের জেরে গতকাল সোমবার ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে তলব করে পাকিস্তান।
ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানায়, গতকাল বিকেলে সোহরাব হোসেনকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত পররাষ্ট্রসচিব বাংলাদেশের হাইকমিশনারকে তাঁর দপ্তরে তলব করেন। এ সময় বাংলাদেশের হাইকমিশনারকে পাকিস্তানের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হয়েছে, সে সম্পর্কে সূত্র কিছু জানাতে পারেনি।
এ বিষয়ে জানতে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ২ ফেব্রুয়ারি ঢাকায় সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পাল্টা হিসেবে সোহরাব হোসেনকে পাকিস্তান তলব করল। এর আগে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে ফিরিয়ে নিতে বাধ্য হয় ইসলামাবাদ। পাল্টা পদক্ষেপ হিসেবে বিনা কারণে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করতে বলে পাকিস্তান। গত ১ ফেব্রুয়ারি সন্দেহজনক গতিবিধির কারেণ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মী আবরার আহমেদ খানকে কয়েক ঘণ্টার জন্য আটক করে ছেড়ে দেওয়ার পর ইসলামাবাদে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাদেশ হাইকমিশনের কর্মী জাহাঙ্গীর হোসেনকে সাদাপোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন ও পরে ছেড়ে দেন।