ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী বলেছেন, তাঁর দেশ ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনার প্রতিবাদ জানানো হবে। গত বুধবার ওই মন্ত্রী পার্লামেন্টে এ কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করার ঘটনার নিন্দা সর্বসম্মতভাবে পার্লামেন্টে পাস হওয়ার পরদিন এ কথা জানালেন এমপি শেখ আফতাব আহমেদ, যিনি পার্লামেন্টে ক্ষমতাসীন দলের চিফ হুইপ এবং পার্লামেন্টবিষয়ক মন্ত্রীও। তিনি বিষয়টি আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) তুলতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন।
সাকা চৌধুরী ও মুজাহিদকে গত রোববার দিবাগত রাতে (২২ নভেম্বর) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় ‘শোক ও ক্ষোভ’ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। অভ্যন্তরীণ বিষয়ে এভাবে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ করায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ। পরে পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীরও বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান সরকার ‘অতি আবেগ’ দেখিয়েছে। তিনি বলেন, এই অতি আবেগ প্রমাণ করে সাকা ও মুজাহিদ পাকিস্তানের চর ছিলেন।
পাকিস্তান জামায়াতের আইনজীবীদের একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাব দিতে গিয়ে মন্ত্রী আফতাব আহমেদ বুধবার বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত যে ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা লঙ্ঘন করছে।
সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এমপি শিরিন মাজারি বাংলাদেশের পদক্ষেপের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।