ইসলামি দলগুলোর হরতালে সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি দলগুলোর ডাকা গতকাল রোববারের হরতালে দেশের বেশির ভাগ স্থানে সাড়া মেলেনি। কিছু জায়গায় ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুর, ধরপাকড় ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: জনজীবনে প্রভাব পড়েছে কম। অবশ্য দূরপাল্লার গাড়ি চলাচল কেবল বন্ধ ছিল। শহরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান বেড়েছে। পিকেটাররা রাস্তায় না থাকলেও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো নগরে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। জামালখানে গণজাগরণ মঞ্চেও হরতালবিরোধী সমাবেশ হয়েছে। হরতাল সমর্থকেরা সকালে হাটহাজারী রেলস্টেশনের উত্তর দিকে লাইনের ওপর লোহার পাত ফেলে রাখলে চট্টগ্রাম-নাজিরহাট লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এতে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ রেললাইন থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী অংশে ১৭টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করার খবর পাওয়া গেছে। চাঁদপুর: সকাল সাতটায় শহরের পুরানবাজার এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন আহত হয়। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করেছে।রাজশাহী: রাজশাহীতে হরতাল চলাকালে সমমনা ইসলামি ১২ দলের কেউ মাঠে ছিল না। হরতাল হয়েছে ঢিলেঢালাভাবে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বড় ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া দোকানপাট মোটামুটি খোলা ছিল। শাহমখদুম থানার পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করেছে।কুমিল্লা: মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোতাহের আলী ওরফে দিলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট: জয়পুরহাট-বগুড়া সড়কের বম্বু ইউনিয়নের কোমরগ্রাম নামক স্থানে হরতাল সমর্থকেরা বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসে আগুন দিয়েছে। তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। জেলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুড়িগ্রাম: হরতাল প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগসহ ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উলিপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে দুপুর ১২টায় উলিপুর পৌর শহরের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল আজিজসহ (৪৭) তিনজনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ: সকালে শহরের শিবতলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।সিরাজগঞ্জ: সকাল থেকে শহরে রিকশা-ভ্যান ও অটোরিকশা চলাচল করায় জীবনযাত্রা স্বাভাবিক ছিল। সকালে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডিদাসগাতিতে লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে জামায়াত-শিবির। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধকারীদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ হয়।পাবনা: সকাল নয়টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকায় হরতাল সমর্থকেরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।