
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইসলামি ব্যাংকিং একান্তই একটি ফ্রড (প্রতারণা)। ভুলের ওপর নির্ভর করে ইসলামি ব্যাংকিং হচ্ছে। দুর্ভাগ্য হলো, বিশ্বের বিভিন্ন জায়গায় এটি চালু আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এর কথা বলছে। এটি বন্ধ করার সুযোগ নেই।
সংসদের প্রশ্নোত্তর পর্বে গতকাল রোববার সরকারি দলের সাংসদ হাবিবুর রহমান মোল্লার এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ইসলামি ব্যাংকিং বন্ধ হবে কি হবে না, তা মুসলিম উম্মাহর সচেতনতার ওপর নির্ভর করছে। মুসলিম উম্মাহ যখন বুঝতে পারবে ইসলামের নামে জঘন্য কাজ চলছে, তখনই এটি বন্ধ করা যাবে। তিনি বলেন, ইসলামে রিবা নিষিদ্ধ। কিন্তু রিবা ও সুদ এক নয়। রিবা চক্রবৃদ্ধি হারে বাড়ে। এখানে কোনো মানবিকতা নেই। সুদ হচ্ছে কস্ট অব ফান্ড (তহবিলের ব্যয়) বা কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক খরচ)। ধর্ম নিয়ে যাঁরা বেশি কথা বলেন, তাঁরা সুদ আর রিবাকে এক করে ফেলেন।
দেশে বর্তমানে আটটি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংক আছে। এ ছাড়া একাধিক ব্যাংকের পৃথক ইসলামি ব্যাংকিংয়ের ইউনিট রয়েছে।
খালেদা দেশের শত্রুতা করছেন: নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন হরতাল-অবরোধ কর্মসূচির কারণে প্রতিদিন দেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, সে সম্পর্কিত কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রতিদিন রাষ্ট্রের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা নির্ধারণ করতে সমীক্ষা চালাতে হবে। কারণ, এ হরতাল কোনো দলবিরোধী নয়, দেশবিরোধী। খালেদা জিয়া দেশের শত্রুতা করছেন।
খেলাপি ঋণ ২০ হাজার কোটি টাকা: আবদুর রউফের প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যাংকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ২০ হাজার ৭৯৭ কোটি ৯ লাখ টাকা। চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ৪২৪ কোটি ৬৬ লাখ টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে।
তারেক-মামুনদের খেলাপি ঋণ ১৬৩ কোটি টাকা: ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনতা ও সোনালী ব্যাংকে তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন ও সাঈদ ইস্কানদারদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ঋণের পরিমাণ ২৬২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা। এর মধ্যে ১৬৩ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা খেলাপি।
আ ফ ম বাহাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জাল নোট প্রতিরোধে ৫০০ টাকার নোটের মতো দেখতে ১০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে।
এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকেরা কত টাকা আয় করেন, তার তথ্য বাংলাদেশ ব্যাংকে নেই এবং জানার সুযোগও নেই। বিদেশি নাগরিকেরা তাঁদের আয়ের ৭৫ শতাংশ নিজ দেশে নিয়ে যেতে পারেন। তাঁরা ২০১৩-১৪ অর্থবছরে ২ কোটি ৮১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।
মোরশেদ আলমের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক কল আদান-প্রদানের জন্য বিটিসিএলসহ মোট ২৯টি আইজিডব্লিউ অপারেটর রয়েছে। এর মধ্যে ২৩টি অপারেটরের কাজ চলমান আছে। বিটিসিএল ছাড়া ২২টি অপারেটরের কাছে সরকারের পাওনার পরিমাণ ৩৫৭ কোটি ৭৬ লাখ টাকা।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০০৪ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত টেলিটকের আয়ের পরিমাণ ৩ হাজার ২৩৪ কোটি ১৭ লাখ ৯ হাজার ২৫১ টাকা।