ইসলামি শিক্ষায় সন্ত্রাসের সম্পর্ক নেই: নূর হোসাইন কাসেমী
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহসভাপতি নূর হোসাইন কাসেমী বলেছেন, ইসলাম ও ওলামায়ে-ইকরামের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। দেশের শান্তির জন্য ওলামা-মাশায়েখ তাঁদের জীবন উৎসর্গ করবেন। ইসলামি শিক্ষা শান্তির শিক্ষা, এখানে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।
আজ বৃহস্পতিবার রাজধানীর সায়েদাবাদ থেকে গাজিপুর পর্যন্ত ঢাকা মহানগরীর কওমি মাদ্রাসাসমূহের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় প্রেসক্লাবের সামনের অংশে নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।
নূর হোসাইন কাসেমী বলেন, ‘ইসলামের নাম দিয়ে কিছু মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এরা হলো সাম্রাজ্যবাদীদের এজেন্ট। মুসলমানদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আমাদের মাতৃভূমি বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ। শান্তি-সম্প্রতির দেশে নিরাপত্তা বিঘ্নিত করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সরকারি দল, বিরোধী দল ও সর্বস্তরের জনগণকে এক কাতারে দেখতে চাই, যাতে দেশ থেকে সন্ত্রাস সমূলে ধ্বংস করা যায়।’
সভাপতির বক্তব্যে নূর হোসাইন কাসেমী মানববন্ধনে বলেন, সত্যিকারের সন্ত্রাস দমন করতে চাইলে দরকার পবিত্র কোরআন সুন্নাহর শিক্ষা। পবিত্র কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া শিক্ষা পরিশুদ্ধ হয় না। শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক হোক। ইসলামি শিক্ষা বাধ্যতামূলক হলে নিঃসন্দেহে সন্ত্রাস দূর হবে। আদর্শ নাগরিক তৈরি হবে। মাদকাসক্তমুক্ত সমাজ তৈরি হবে। দুর্নীতিমুক্ত সমাজ হবে। তাই পবিত্র কোরআন সুন্নাহ শিক্ষার কোনো বিকল্প নেই।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেন, যারা সন্ত্রাস-জঙ্গিবাদ করে, তারা চরিত্রহীন। সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্যে দেন বেফাকের সিনিয়র সহসভাপতি শায়খুল হাদিস আশরাফ আলী, মহাসচিব আবদুল জব্বার জাহানাবাদী, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল হক প্রমুখ। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ মানববন্ধনে বক্তব্য দেন।
প্রেসক্লাবের সামনে ছাড়াও সায়েদাবাদ, লালবাগ, মৎস্য ভবন, রামপুরা নতুনবাজার, বারিধারা, টঙ্গী এলাকার বিভিন্ন কওমি মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের হাতে ‘হটাও সন্ত্রাস বাঁচাও দেশ, উলামায়ে কিরামের নির্দেশ’; ‘সন্ত্রাস নয় শান্তি চাই, মাতৃভূমিকে বাঁচাতে চাই’; ‘দুর্নীতিমুক্ত সমাজ চাই, কোরআন সুন্নাহের শিক্ষা চাই’; সন্ত্রাসবাদ জঙ্গিবাদ, ধ্বংস হোক নিপাত যাকসহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।