ইসলামিক ফাউন্ডেশনের জুমার খুতবা প্রত্যাখ্যান হেফাজতে ইসলামের
জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়াকে ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে হেফাজতে ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতের নেতারা। তাঁরা ইসলামিক ফাউন্ডেশনের নির্দিষ্ট করে দেওয়া খুতবা প্রত্যাখ্যান করেছেন। আদর্শ ও শান্তিপূর্ণ¯মানুষ, সমাজ ও দেশ গঠনমূলক পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের উদ্ধৃতি দিয়ে ইসলামের শুরু থেকে চলে আসা নিয়মে খুতবা দেওয়ার জন্য মসজিদের খতিবদের প্রতি আহ্বান জানান হেফাজতের নেতারা।
গতকাল রোববার চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন হেফাজতের নেতারা। সম্প্রতি দেশে সংঘটিত সন্ত্রাসী হামলাসহ খুন, গুম আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়া এবং ইসলামিক ফাউন্ডেশন দেশের মসজিদগুলোতে জুমার খুতবা নির্দিষ্ট করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ আহমদ শফী। বৈঠকে ২৯ জুলাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে হেফাজতের নেতারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন দেশের মসজিদসমূহে বিতর্কিত ও ভুলে ভরা খুতবা পাঠিয়েছে। তাঁরা এটি প্রত্যাখ্যান করে বলেন, ইবাদত-বন্দেগিতে হস্তক্ষেপÿও নিয়ন্ত্রণ আরোপের হঠকারিতা দেশের মুসলমানরা মেনে নেবেন না। ইসলামিক ফাউন্ডেশন ও এর মহাপরিচালকের কর্মকাণ্ডে দেশের মুসলমানরা ক্ষুব্ধ বলে হেফাজতের নেতারা মন্তব্য করেন। তাঁরা বলেন, নামাজ-রোজাসহ ইসলামের ইবাদত-বন্দেগিকে দলীয়করণ ও সরকারীকরণ করা যায় না।
হেফাজতের নেতারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকার চাইলে মসজিদের খতিবদের সুনির্দিষ্ট বিষয়ে ইসলামের আলোকে বয়ান উপস্থাপনের জন্য অনুরোধ করতে পারে। সরকারের জনস্বার্থমূলক অনুরোধে খতিবরা অবশ্যই সহযোগিতা করবেন। কিন্তু খুতবা লিখে দিয়ে তা পড়তে বাধ্য করা, মসজিদসমূহ নজরদারির প্রচারণা এগুলো সুষ্ঠু চিন্তা নয়।
বৈঠকে বলা হয়, দেশের দুশমনরা সন্ত্রাসী কাজে ইসলামের জিহাদের অপব্যাখ্যা করে তাদের (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র) বিভ্রান্ত করে ব্যবহার করতে চাইছে।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আহ্বায়ক নূর হোসাইন কাসেমী প্রমুখ।