ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে অপসারণের দাবি আমিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামিম মো. আফজালকে অপসারণ করতে সরকারকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে ইসলামি আইন বাস্তবায়ন কমিটি। কমিটির চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, দাবি মানা না হলে তিনি হরতাল ডাকতে বাধ্য হবেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফজলুল হক আমিনী শিক্ষানীতি বাতিল, ইসলামিক ফাউন্ডেশনের ডিজির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চার দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন। কর্মসূচির মধ্যে আছে: ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ৯ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশন অভিমুখে বিক্ষোভ মিছিল, ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর ওলামা-মাশায়েখ সম্মেলন এবং ২৪ জানুয়ারি ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ ও প্রতিনিধি সম্মেলন। ফজলুল হক আমিনী অভিযোগ করেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি গত ২৭ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ একাডেমিতে সারা দেশ থেকে ইমামদের ডেকে এনে তাঁদের সামনে বিদেশিদের দিয়ে নৃত্য করিয়েছেন। এর আগে ইসলামিক ফাউন্ডেশনে কাঙালিনী সুফিয়ার গানের আয়োজন করা হয়েছিল। বারবার ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।সরকারকে উদ্দেশ করে আমিনী বলেন, ‘সরকারকে এক সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে তাঁকে অপসারণ করা না হলে হরতাল ঘোষণা করতে বাধ্য হব।’ তিনি বলেন, ‘ডিজির ব্যাপারটা এত মারাত্মক যে এর প্রতিবাদ না করলে ইমানই থাকবে না। তবে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল করব।’লিখিত বক্তব্যে আমিনী বোরকা পরতে বাধ্য না করা এবং সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায়ের সমালোচনা করেন।আদালত রায় দিয়েছেন, জোর করে কাউকে কোনো পোশাক পরতে বাধ্য করা যাবে না। আপনারা এর সমালোচনা করছেন। তাহলে আপনারা কি জোর করে বোরকা পরাতে চান? জানতে চাইলে মুফতি আমিনী বলেন, ‘আমরা জোর করে বোরকা পরাতে চাই না। বোরকা পরা জরুরি না, জরুরি হচ্ছে পর্দা করা। ঠিকমতো চাদর পরলেই তো পর্দা হয়ে যাবে।’ কিন্তু পরে আমিনী বলেন, ‘পর্দা আর বোরকা এক না।’কেউ যদি বোরকা না পরে পর্দা করে, তাহলে আপনাদের আপত্তি আছে? জানতে চাইলে আমিনী বলেন, ‘না, আমাদের কোনো আপত্তি নেই।’ তাহলে কেন আদালতের রায়ের সমালোচনা করছেন? এ প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘বোরকা না পরে সাধারণত পর্দা হয় না।’উচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দিয়েছেন চারদলীয় জোট সরকারের আমলে। তখন কেন এই রায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেননি, জানতে চাইলে মুফতি আমিনী কোনো জবাব দিতে পারেননি। তবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা ও খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক দাবি করেন, ‘আমরা প্রতিবাদ করেছি।’