ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্-প্রাথমিক, বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। শিক্ষাবর্ষের চার মাসেও শিক্ষা উপকরণ হাতে না পাওয়া, শিক্ষকদের গাফিলতি ও কর্মকর্তাদের তদারকির অভাবে এই অচলাবস্থা দেখা দিয়েছে। চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ২০২টি প্রাক্-প্রাথমিক, ১২টি বয়স্ক ও ১২৭টি মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষাকেন্দ্র, চারটি মডেল ও ১২টি সাধারণ রিসোর্স সেন্টার রয়েছে। তদারকি ও প্রশিক্ষণের জন্য পাঁচজন মাঠ কর্মকর্তা ও একজন প্রশিক্ষক রয়েছেন। প্রতিটি কেন্দ্রে একজন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থী থাকার কথা। সহজ কোরআন শিক্ষা কার্যক্রম সকাল ছয়টা থেকে নয়টা এবং প্রাক্-প্রাথমিক ও বয়স্ক শিক্ষা সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত পড়ানোর কথা।খাতা-কলমে প্রতিটি শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং পাঠদান স্বাভাবিক নিয়মে চলছে বলে উল্লেখ রয়েছে। তবে শনিবার সরেজমিনে ১২-১৩টি কেন্দ্র পরিদর্শন করে ভিন্ন চিত্র পাওয়া গেছে।সকাল সোয়া আটটার দিকে সদর উপজেলার বুজরুকগড়গড়ি মুন্সীপাড়া মসজিদে সহজ কোরআন শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটি তালা মারা। এলাকাবাসী জানান, এই কেন্দ্রের শিক্ষক নুরুল হুদা চাকরির সূত্রে একটি মাদ্রাসায় অবস্থান করছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী বলেন, মাদ্রাসায় জরুরি কাজ থাকায় সকালে ছুটি নিয়েছেন।কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার ফোরকানিয়া মক্তব প্রাক্-প্রাথমিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি বাড়িতে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তবে সকাল আটটা ৪০ মিনিটে ওই বাড়িতে শিক্ষক ও শিক্ষার্থীদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কেন্দ্রশিক্ষক শিরীন আরা একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন। আটটা ৫০ মিনিটে হাটকালুগঞ্জ রাস্তার পাশের মসজিদ প্রাক্-প্রাথমিক শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানেও তালা ঝুলছে। কেন্দ্রশিক্ষক মো. ইউশা মুঠোফোনে জানান, তিনি বিকেলে পড়াবেন। একইভাবে বেশির ভাগ কেন্দ্রই বন্ধ পাওয়া যায়।খোঁজ নিয়ে জানা গেছে, প্রাক্-প্রাথমিক ও বয়স্ক শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি চক-স্লেট, মাদুর, ব্ল্যাকবোর্ড, ডাস্টার ও স্টক রেজিস্ট্রার বরাদ্দ থাকার কথা। অথচ চলতি শিক্ষাবর্ষের চার মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জীবননগরের বাঁকা মাঠপাড়া কেন্দ্রের শিক্ষার্থী মরিয়ম খাতুন, তানিয়া খাতুন ও মিশকাত জানায়, পড়াশোনা ভালোই হয়। কিন্তু চক-স্লেটের অভাবে লেখা শেখা হয়নি। দামুড়হুদার কার্পাসডাঙ্গা আশ্রয়ণ এলাকায় প্রাক্-প্রাথমিক কেন্দ্রের শিক্ষক আবদুল জব্বার জানান, গত বছরের পুরাতন স্লেট দিয়ে লেখা শেখানো হচ্ছে, তবে সবাইকে দেওয়া যায়নি। আলমডাঙ্গার চকপাড়া জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক ওয়াজেদ আলী জানান, তিনি ৪ এপ্রিল উপকরণ হাতে পেয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের চুয়াডাঙ্গার উপপরিচালক রবিউল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজকে ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ দেওয়া হলেও দফায় দফায় চাপ সৃষ্টির পর ৩ এপ্রিল উপকরণ সরবরাহ শুরু করেছে।