ইসলামিক ফাউন্ডেশনের সমালোচনা করলেন মির্জা ফখরুল
প্রতি শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে উদ্দেশ করে বলেন, ‘আপনি নিজেই রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। এ কারণে মসজিদের দরজা বন্ধ করে দিয়েছেন।’গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘আওয়ামী দুঃশাসন ও বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারকে ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাঁর বাসায় যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে বিকশিত করতে দিন। ক্ষমতার লোভে আগুন নিয়ে খেলা জনগণ সহ্য করবে না।’ ফখরুল বলেন, এ দেশ সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে। সরকার কারও ধর্মবিশ্বাসের ওপর আঘাত করলে মানুষ তা মেনে নেবে না।ইশতিয়াক আজিজ উলফতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির নেতা শামসুজ্জামান, আবদুস সালাম প্রমুখ।