ইসলামী আইন বাস্তবায়ন কমিটির গণমিছিল পণ্ড
পুলিশের বাধার মুখে গতকাল শুক্রবার পূর্বঘোষিত গণমিছিল করতে পারেনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। পুরানা পল্টনে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গলি থেকে মিছিল বের হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, পুরানা পল্টনের মিছিল থেকে দলটির চারজন কর্মীকে পুলিশ আটক করে।পুলিশ সূত্র জানায়, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি বায়তুল মোকাররম এলাকা থেকে গণমিছিল করার আবেদন করে। কিন্তু নিরাপত্তার কারণে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। এ অবস্থায় পুলিশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়। পুলিশ রায়ট কার, প্রিজন ভ্যান, জলকামানসহ ওই এলাকায় অবস্থান নেয়।বৈরী পরিস্থিতি দেখে মসজিদের ভেতরে থাকা নেতা-কর্মীরা বের না হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে কিছু সময় স্লোগান ও কয়েকজন নেতা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান।বিশেষ বিবাহ আইন প্রত্যাহার করাসহ কয়েকটি ধর্মীয় বিষয়ে ১৯ মে সংবাদ সম্মেলনে গণমিছিলের কর্মসূচি দেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী। এর আগে ৯ মে ঘোষণা দিয়েও ১৮ মে গণমিছিল করতে পারেনি তারা। পরপর দুই শুক্রবার কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন আমিনী।