ইসলামী আন্দোলনের প্রার্থীর কার্যালয়ে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইসলামী আন্দোলনের দুই কর্মীসহ তিনজন আহত হয়েছেন।
গত শনিবার রাতে বেতাগী উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে বেতাগী উপজেলা শহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরুর সমর্থকেরা মিছিল বের করেন। মিছিল শেষে রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা পুটিয়াখালী বাজারে অবস্থিত গোলাম সরোয়ারের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান।
এ সময় তাঁরা ওই কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক ও অন্য মালামাল ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে ইসলামী আন্দোলনের কর্মী পুটিয়াখালী গ্রামের আবদুর রহমান (৩৮), লিটন সিকদার (৩২) ও লিটনের মেয়ে নিসা (৪) আহত হয়।
ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের তাণ্ডবে তাঁর নেতা-কর্মীদের সব সময় আতঙ্কের মধ্য থাকতে হচ্ছে। এর আগেও পাথরঘাটা উপজেলায় তাঁর এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত ও বেতাগীর পঞ্চায়েতের হাটে তাঁর এক সমর্থককে মারধর করা হয়েছে এবং বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন।
ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আবদুল খালেক অভিযোগ করেন, এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বেতাগীর বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি আরও জানান, ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেরা নিজেদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগের কর্মীদের মাথায় দোষ চাপাচ্ছেন। এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।