ইসলামী আন্দোলনের 'রোডমার্চ', লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ ও তাবলীগ জামাত সম্পর্কে ‘কটূক্তি’ করে মন্ত্রিত্ব ও দলীয়পদ হারানো আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলনের উত্তরবঙ্গ অভিমুখী ‘রোডমার্চ’-এর গাড়িবহর গত মঙ্গলবার রাতে বগুড়ায় পৌঁছায়।
শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে রাত যাপনের পর গতকাল বুধবার সকালে সেখানেই ইসলামী আন্দোলন সমাবেশ করে। শেষে বেলা ১১টার দিকে রংপুরের উদ্দেশে দুই শতাধিক গাড়িবহর রওনা দেয়।
আলতাফুন্নেছা খেলার মাঠের ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে লতিফ সিদ্দিকীর এই ‘কটূক্তি’ তাঁর একার নয়, এটি ইসলামের বিরুদ্ধে ‘গভীর চক্রান্ত’। মন্ত্রী পদে থাকাবস্থায় সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির এই ইসলামবিরোধী ষড়যন্ত্রের দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। অথচ লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করেনি সরকার। ধর্মপ্রাণ মানুষের চাপে পড়ে তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হলেও তাঁর ব্যাপারে সরকারের ভূমিকা এখনো রহস্যজনক।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলনের দাবি দুটি। তা হলো, ধর্ম নিয়ে কটূক্তিকারীর ফাঁসির শাস্তি রেখে আইন সংশোধন করতে হবে এবং ‘ইসলামের দুশমন’ লতিফ সিদ্দিকীর ফাঁসি কার্যকর করতে হবে। এই দাবিতে জনসমর্থন আদায় করতে ঢাকা থেকে রংপুর অভিমুখে রোডমার্চ করা হচ্ছে।
ইসলামী আন্দোলনের বগুড়া শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল হক আজাদসহ কয়েকজন বক্তব্য দেন।