ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল পাস
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনে ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৩’ সংসদে পাস হয়েছে। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো অধিভুক্ত একটি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলো। এখন থেকে এ বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলো পরিচালিত হবে।
দেশে প্রায় দেড় হাজার ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসা রয়েছে। এত দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল পরীক্ষা অনুষ্ঠিত হতো।
মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও শিক্ষানীতির আলোকে এটি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণসহ যাবতীয় বিষয় ব্যবস্থাপনার দায়িত্ব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসার অধিভুক্তি, স্বীকৃতি, পাঠদানের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের অনুমোদন ও বাতিলের ক্ষমতা এ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোনো শিক্ষার্থী ভর্তি হবেন না বা পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না। শুধু অধিভুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে দায়িত্ব পালন করবে।
আরবি বা ইসলামি শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিসহ শিক্ষাগত ও প্রশাসনিক কাজে ন্যূনতম ২০ বছরের কর্ম অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক হবেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতি চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেবেন।
উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হবে ২১ সদস্যের। বিশ্ববিদ্যালয়টি যেকোনো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণীর জন্য উন্মুক্ত থাকবে।