ইসলামী ঐক্যজোটের চার নেতা আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজন নেতাকে আটক করেছে বলে দাবি করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোট। আজ বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী প্রথম আলো ডটকমকে বলেন, ‘তাঁরা হেফাজতের মিটিং থেকে ফিরছিলেন। ডিবি পুলিশ কেন তাঁদের আটক করেছে এখন পর্যন্ত জানি না।’ দলের পক্ষ থেকে জানানো হয়, আটক নেতারা হলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, সহদপ্তর সম্পাদক আলতাফ হোসাইন ও ঢাকা মহানগর কমিটির সদস্য মঞ্জুর মুজিব। একই সঙ্গে ওই চার নেতা হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটিতেও আছেন।

তবে আলতাফ হোসাইন ছাড়া বাকি তিন নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আটক তিনজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইসলামী ঐক্যজোটের দায়িত্বশীল নেতারা জানান, আটক চার নেতা বেলা ১১টায় রাজধানীর বারিধারা মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখান থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে তাঁরা লালবাগ জামেয়া আরাবিয়া কোরআনিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। রামপুরা এলাকা থেকে তাঁদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।