ইসলামী ঐক্যজোটের চার নেতাকে আটক করেছে ডিবি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল ইসলামী ঐকজোটের চারজন নেতাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। বেলা দেড়টার দিকে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক নেতারা হলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, সহ-দপ্তর সম্পাদক আলতাফ হোসাইন ও ঢাকা মহানগর কমিটির সদস্য মঞ্জুর মুজিব। একই সঙ্গে এ চারজন নেতা হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটিতেও আছেন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান আলতাফ হোসাইন ছাড়া অন্য তিনজন নেতাকে আটকের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে জানান, এ তিনজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইসলামী ঐক্যজোটের দায়িত্বশীল নেতারা জানান, আটক চারজন নেতা বেলা ১১টায় রাজধানীর বারিধারা মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখান থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে তাঁরা লালবাগ জামেয়া আরাবিয়া কোরআনিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। রামপুরা এলাকা থেকে তাঁদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গতকাল এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন।