ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছেড়ে যাওয়া ইসলামী ঐক্যজোট গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়া ও নারায়ণগঞ্জের মক্কীনগর মাদ্রাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সারা দেশের আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যা, খুন, নৈরাজ্য, জঙ্গি তৎপরতা বন্ধের দাবিতে এ সমাবেশ হয়। বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ‘নাস্তিক-মুরতাদের’ বিরুদ্ধে সংসদে আইন পাস করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘আমরা শান্তির পক্ষে; সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু আমাদের মাদ্রাসা-মসজিদে হামলা করে নিরীহ ছাত্রদের হত্যা করে একের পর এক আঘাত করা হবে, আর আমরা নিশ্চুপ বসে থাকব, তা হতে পারে না।’
মুফতি ফয়জুল্লাহ কওমি মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কড়া সমালোচনা করেন। তিনি ৫ জানুয়ারির সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি। সাংবিধানিকভাবে এই নির্বাচন শুদ্ধ হলেও জনগণ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তাই অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে দেশকে শান্ত করুন।’
আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঐক্যজোটের নেতা আবুল হাসানাত আমিনী, যোবায়ের আহমদ, জসিম উদ্দীন, মুফতি তৈয়্যব, আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ।