ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ চার নেতা গ্রেপ্তার
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফকরউদ্দিন মানিকসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া অন্য তিন নেতা হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহাসেনুল কবির ও সদস্য ফাহিমুর রহমান। ডিবি সূত্র জানায়, বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর রোডের ৭ নম্বরের একটি ভবনে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করে নাশকতার ষড়যন্ত্র করছেন—এমন তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের (উত্তর) একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে ছাত্রশিবিরের ওই চার নেতাকে আটক করা হয়। ফকরউদ্দিন বর্তমানে জামায়াতে ইসলামীর লিয়াজোঁ কর্মকর্তা। ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় এই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের গোপন বৈঠকের বিষয়েও তদন্ত চলছে।