ইসলামী ফাউন্ডেশনের সমালোচনায় সংসদীয় কমিটি
মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের অনুকূলে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো ধরনের প্রচারণা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।তবে কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কিছু বলা হয়নি। এ সময় কমিটির সদস্য মইনউদ্দীন খান বাদল এ বিষয়ে বলার চেষ্টা করলেও সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বাধা দেন।জানা গেছে, বৈঠকে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের প্রেক্ষাপটে ইসলামী ফাউন্ডেশনের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করা হয়। একই সঙ্গে সদস্যরা মানবতার বিরুদ্ধে বিচারের পক্ষে প্রয়োজনীয় প্রচারণা চালানোর জন্য ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়ার পরামর্শ দেন।সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, এক বছর আগে গ্যাসের উৎপাদন ছিল এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট। এ বছরের ডিসেম্বর নাগাদ ৭০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস উৎপাদন করা হবে। এ ছাড়া ২০১২ সাল নাগাদ আরও ৫০০ মিলিয়ন ঘনফুট এবং ২০১৬ সাল নাগাদ এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে।