ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের কাছে ককটেল বিস্ফোরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের কাছে গভীর রাতে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
জানা গেছে, বিস্ফোরণের শব্দের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি। সার্বিক নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবনের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উপাচার্যের বাসভবনের কাছে দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মী বলেন, ‘রাত ১০টার দিকে হঠাত্ তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাই। তবে এ সময় আশপাশে গিয়ে কাউকে দেখতে পাইনি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলতাফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাটি জানতে পেরে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবনের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রহুল প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শুনেছি তিনবার শব্দ হয়েছে। তবে তা ককটেল না হয়ে পটকার শব্দ হতে পারে।’