ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারীকে ছাত্রলীগ কর্মীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত সনদের কাজ করে না দেওয়ায় গতকাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের লিপিকুশলী আবু তালিশকে মারধর করেছেন ছাত্রলীগের দুই কর্মী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে সনদ উঠাতে যান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস জোয়ার্দার ও রাসেল জোয়ার্দার। তাঁরা দ্রুত সনদের কাজ করে দিতে বলেন। কিন্তু ভিড় থাকায় তাৎক্ষণিক সনদ দিতে না পারায় তাঁরা ওই দপ্তরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় সেখানে উপস্থিত লিপিকুশলী আবু তালিশের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর করেন। পরে সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উদ্ধার করেন।
ইলিয়াস জোয়ার্দার ও রাসেল জোয়ার্দার মুঠোফোনে বলেন, সনদ দেওয়ার ব্যাপারে কর্তব্যরত ব্যক্তিদের গড়িমসি দেখে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। মারধরের কোনো ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’