ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে ৮ জানুয়ারি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আগামী ৮ জানুয়ারি খুলছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে গত ৩০ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়টি। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পরিবহন মালিকদের সমঝোতা বৈঠকের পর এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জানুয়ারি আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ৮ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘বাস মালিক সমিতির সঙ্গে সমঝোতা হওয়ায় তাদের পক্ষ থেকে ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে বাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে চলবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসের চাপায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে অন্তত ৩৫টি বাস ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ৪ ডিসেম্বর শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়েন। ক্যাম্পাস বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাস পোড়ানোর কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ না পেলে উভয় জেলার বাস মালিক সমিতি বিশ্ববিদ্যালয়ে কোনো বাস না দেওয়ারও ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে উভয় জেলার বাস মালিক সমিতির প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন প্রতিনিধির সমন্বয়ে ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠন করা হয়। আজ ওই কমিটির বৈঠকে কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিকদের সমঝোতা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মামুনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আজ উভয় জেলার বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে ক্ষতিপূরণের ব্যাপারে সমঝোতা হয়েছে।’
ঝিনাইদহ জেলার বাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান ‘ক্ষতিপূরণের ব্যাপারে আমরা একটি ঐক্যে পৌঁছেছি। আশা করি আমরা ৮ জানুয়ারি থেকে ক্যাম্পাসে গাড়ি দিতে পারব।’