ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ দুজন গ্রেপ্তার
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহিনুজ্জামানকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আজ ঢাকা মহানগর পুলিশের (গণমাধ্যম) সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, আজ তারেক মনোয়ার ও শাহিনুজ্জামানকে পল্টন থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শিবিরের ওই বিবৃতিতে বলা হয়, গতকাল সকাল ১০টায় তারেক মনোয়ার ও শাহিনুজ্জামান কুষ্টিয়া থেকে হানিফ পরিবহনের একটি গাড়িতে ঢাকা যান।ঢাকার কল্যাণপুর থেকে তাঁরা মিরপুর যাওয়ার পথে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের আটক করে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ খান এ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ তারেক মনোয়ার ও শাহিনুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে।