ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চের পাঁচ দফা দাবিতে ডাকা ছাত্র ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে গত বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়।
ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক হাদীউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠদান, পরীক্ষা চালু ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মঞ্চের পক্ষ থেকে গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল। দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরও সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়। তাঁদের অনেকে এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং সমর্থন জানান। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন অবিলম্বে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে ধর্মঘট স্থগিত করা হলো। তবে অনতিবিলম্বে দাবি না মানা হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঞ্চের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর ছাড়াও মাহাবুবুর রহমান, কামরুল ইসলাম ও মাসুদুর রহমান নামে আরও তিনজনের নাম রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করলে ইমতিয়াজ উদ্দিন ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।