ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বাসের চালক এবং তাঁর সহকারীকে মারধর করার ঘটনায় কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটটি প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে আজ শুক্রবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে সঙ্গে পরিবহন মালিকদের একটি বৈঠক হয়। বৈঠকের পর সমঝোতার ভিত্তিতে ধর্মঘটটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে এবং তাঁরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আগামীকাল শনিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো পূর্বের মতো চলবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাসে বহিরাগত যাত্রী তোলায় শাখা ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসটির চালক ও সহকারীর কথাকাটাকাটি হয় এবং পরে চালক ও সহকারীকে মারধর করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেয়। এর ফলশ্রুতিতে গতকাল বিকেল থেকে আজ রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ভাড়া করা গাড়ি যাওয়া আসা করেনি।