ইসলামী বিশ্ববিদ্যালয় অচল শিক্ষকদের কর্মবিরতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকেরা। গতকাল কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। দুই শিক্ষককে মারধরের অভিযোগে তিন কর্মকর্তার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মবিরতির ডাক দিয়েছে। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়।জানা যায়, গতকাল সকালে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক শহীদ মুহাম্মদ রেজওয়ান, বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল আহসান চৌধুরী, জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম মতিনুর রহমান, গ্রিন ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফাজ উদ্দিনসহ সমিতির অন্য নেতা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ওই’ তিন কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত শিক্ষকেরা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।’ অন্যদিকে একই দাবিতে তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিজ্ঞান অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন।এ বিষয়ে উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে জানান, রোববার (আজ) দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়ে ওই তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের দুই প্রভাষক সাদেক আলী ও আলমগীর হোসেন গত বৃহস্পতিবার অভিযোগ করেন, ওই দিন বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা তাঁদের মারধর করেন। ওই তিন কর্মকর্তা হলেন ফলিত খাদ্য ও পুষ্টি প্রযুক্তি বিভাগের শাখা কর্মকর্তা হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের শাখা কর্মকর্তা সহিদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার মো. জামাল হোসেন।