ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে, সব কার্যক্রম বর্জনের ঘোষণা
দুই মাস বিরতির পর গতকাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বর্জনের ঘোষণা দিয়েছে। ফলে আবার হুমকিতে পড়েছে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম। অনিশ্চয়তা দেখা দিয়েছে আসন্ন ভর্তি পরীক্ষা নিয়েও। গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর, বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও পরিবহন ধর্মঘট শুরু হয়। এর ফলে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়ে। টানা ৩৫ দিন ধরে শিক্ষা কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ থাকার পর গত ১৩ অক্টোবর জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে ১৪ অক্টোবর থেকে আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে দুর্গাপূজা ও ঈদুল আজহার নির্ধারিত ছুটির আট দিন আগেই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ছুটি শেষে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। আর শুক্রবার আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। গতকাল সকালে সময়মতো শহর থেকে ক্যাম্পাসে গাড়ি পৌঁছায়। দীর্ঘদিন পর ক্যাম্পাস খোলায় অনেক শিক্ষার্থীর আগমন ঘটে। বেশ কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে শিক্ষার্থীরা উৎকণ্ঠায় ছিলেন।