ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক রাশেদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ফয়সাল টাওয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি পোড়ানোর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেল চারটা থেকে সোয়া চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি পোড়ানোর মামলায় রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নওয়াজ রাশেদকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, রাশেদ নামের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক অভিযোগ করে বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুষ্টিয়া শহরের ফয়সাল টাওয়ার থেকে রাশেদুল ইসলামকে ধরা হয়। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে রাশেদের মুক্তি দাবি করেন। রাশেদ আটক থাকবে আর ক্যাম্পাসে ক্লাস চলবে, তা হতে দেওয়া হবে না বলেও হুমকি দেন ওমর ফারুক।