ইসলামী বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার কাল শনিবার শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের এবং কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কাল শনিবার। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার কাল শনিবার ও পরদিন রোববার সকাল ১০টায় লোকপ্রশাসন বিভাগে অনুষ্ঠিত হবে। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ধর্মতত্ত্ব অনুষদের অফিসে সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার নেওয়া হবে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২১ ডিসেম্বর। সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইন ও মুসলিম বিধান বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে এবং আল-ফিকহ বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

সাক্ষাৎকারের সময় অবশ্যই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/এইচএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদ, প্রশংসাপত্র, মূল নম্বরপত্র এবং আট কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।