কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত ও সেশনজটমুক্ত আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত উপাচার্য রাশিদ আসকারী। উপাচার্য গত রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রাশিদ আসকারীকে উপাচার্য এবং আইন বিভাগের শিক্ষক সেলিম তোহাকে কোষাধ্যক্ষ হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। উপাচার্য ও কোষাধ্যক্ষ গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় ফুল দেন। বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, জ্যেষ্ঠ শিক্ষক, আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ, বিভিন্ন কার্যালয়ের প্রধান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। মতবিনিময় সভা শেষে উপাচার্য বলেন, আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।