ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ৫৩ শিক্ষার্থীর তালিকা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের বেশি অনুপস্থিত ও নিরুদ্দেশ শিক্ষার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তালিকায় ৫৩ শিক্ষার্থী অনুপস্থিত বলে উল্লেখ রয়েছে। ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) এসব শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।
তালিকা প্রকাশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম আবদুল লতিফ। শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ও প্রশাসন–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের মোট ৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত আছেন। ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন এ তালিকায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে অন্য ১৫টি বিভাগের কোনো শিক্ষার্থী গ্রহণযোগ্য কারণ ছাড়া অনুপস্থিত নেই। এসব বিভাগের সভাপতিরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করেছেন।
ইংরেজি, আইন, আল ফিকাহ, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, ফলিত পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, আল কোরআন, দাওয়াহ, আল হাদিস, অর্থনীতি, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে কোনো শিক্ষার্থী অনুপস্থিত নেই।
তবে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিভাগ থেকে এখনো এ বিষয়ে কোনো তালিকা দেওয়া হয়নি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগের তালিকা প্রকাশের কাজ প্রক্রিয়াধীন বলে বিভাগের সভাপতিরা জানিয়েছেন।
অনুপস্থিত এ শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে সুনির্দিষ্ট কারণসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিভাগে উপস্থিত হয়ে বিভাগে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত নামের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে তাঁরা ঈদের ছুটির পর লিখিতভাবে জানাতে পারবেন। এসব শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’